শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : উপদেষ্টার বাসা থেকে টাকার বস্তা উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য ভিত্তিহীন বলে শনাক্ত করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বাসা থেকে টাকার বস্তা উদ্ধার করেছে। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, ভিডিওটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার বাসার নয়।
প্রতিষ্ঠানটি জানায়, মূলত সাবেক এক অতিরিক্ত সচিবের বাসা থেকে ১১টি আইফোনসহ কোটি টাকা উদ্ধারের ঘটনার পুরনো ভিডিও দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কয়েকটি ফেসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে।
ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে এসব বিষয় যাচাই করে সত্য তথ্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।