শিরোনাম

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া মন্তব্য ও ফটোকার্ড শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভি’র লোগো ও ডিজাইন ব্যবহার করে ফেসবুকে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে- ‘৫ আগস্টসহ সকল মবের মামলা করতে পারবে’।
তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। এমনকি নাগরিক টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ‘দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামের একটি পুরনো ও প্রকৃত ফটোকার্ড বিকৃত করে এই অপপ্রচার চালানো হচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে সাবেক অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।