শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : একটি সাধারণ দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক রঙ চড়িয়ে চালানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, ফেনীর বিরিঞ্চিতে ঘটা একটি আকস্মিক দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও ব্যবহার করে অসাধু চক্র কখনো বিএনপি আবার কখনো জামায়াত-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ভিডিওর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিকাণ্ডের এই ভিডিওটি শেয়ার করে কোনো কোনো পক্ষ দাবি করছে- জামায়াত কর্মীর বাড়িতে বিএনপি আগুন দিয়েছে। আবার কেউ দাবি করছে- রংপুরে বিএনপি নেতার বাড়িতে জামায়াত-শিবির আগুন দিয়েছে। কিন্তু বাংলাফ্যাক্ট যাচাই করে নিশ্চিত হয়েছে যে, ভিডিওটি মূলত ফেনীর বিরিঞ্চিতে ঘটা একটি নিছক দুর্ঘটনা।
অগ্নিকাণ্ডের শিকার ভুক্তভোগী মুন্নাও জানিয়েছেন, তাদের বাড়িতে আগুন লাগার ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে সাবেক অন্তর্বর্তী সরকার ও চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, ‘বাংলাফ্যাক্ট’ পিআইবি’র একটি মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব ও ভুল তথ্য যাচাই করে সঠিক সত্য জনগণের সামনে তুলে ধরে।