শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‘নারীকে পেটাচ্ছেন বিএনপি নেতা’- এমন দাবি করে ভারতের একটি ভিডিও প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওটি আসলে ভারতের পশ্চিমবঙ্গের। যেখানে দেখা যায়, স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা এক নারীকে মারধর করছেন।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ওই পুরোনো ভিডিওটি ব্যবহার করে বর্তমানে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে এসব গুজব ছড়ানো হচ্ছে। এই অপতথ্যগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
বর্তমানে দেশে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত একটি স্বাধীন সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা বেড়ে যাওয়ায় ফ্যাক্টওয়াচ নিয়মিত সেসব বিষয় যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে।