শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সেনাপ্রধানকে জড়িয়ে এখন টিভির নামে ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য দাবিতে এখন টিভির নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, সেনাপ্রধান বলেছেন, 'আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন-আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?’
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এখন টিভির নাম ও লোগোযুক্ত এই ফটোকার্ডটি ভুয়া।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২০২৪ সাল গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।