শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভারতে সংগঠিত ঘটনার ভিডিও বাংলাদেশের বলে ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ‘পোস্টাল ব্যালটে হ্যাঁ ভোট না দিলে দিল্লির দালাল’ বলায় বিএনপি নেতার থাপ্পড় খেলেন জামায়াত কর্মী-এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি ভারতের, এর সঙ্গে বাংলাদেশে অনুষ্ঠেয় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলেছে, ২০২৪ সাল গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।