শিরোনাম

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস) : বিশ্ব সংগীত দিবস আগামীকাল। প্রতিবছর সারাবিশ্বে ২১ জুন উদযাপিত হয় দিবসটি। পৃথিবীতে শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দেওয়াই এ দিবসের উদ্দেশ্য।
১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’ নামে একটি দিনের উদযাপন শুরু করা হয়।
১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীতশিল্পী জোয়েল কোহেন ‘সামার সোলস্টাইস’ বা গ্রীষ্মকে উদযাপন করতে রাতভর গান করার প্রস্তাব তোলেন। এরপর ১৯৮১ সালে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন।
২১ জুনের সংগীত দিবস সেই থেকে শুরু।
২০০৭ সাল থেকে বাংলাদেশ সর্বপ্রথম দিবসটি উদযাপন শুরু করে। বর্তমানে বাংলাদেশের পাশাপাশি বিশে^র প্রায় ১২০টি দেশের ৪৫০টি শহরে উদযাপিত হয় এ দিবস।
দিবসটি উদযাপনে বিভিন্ন দেশেই গানের কনসার্ট ও গাননির্ভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। ২১ ও ২২ জুন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে এ উৎসব।
শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও সরকারের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এছাড়া এদিন সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কিংবদন্তি গীতিকবি মনিরুজ্জামান মনির।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
দুই দিনেই সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীরা গান করবেন।
পুরো অনুষ্ঠান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।