বাসস
  ২২ মে ২০২৬, ১৭:৪৩

শিল্পকলায় জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

ঢাকা, ২২ মে, ২০২৬(বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান।

২২ থেকে ২৪ মে বিকেল সাড়ে ৫ টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে। 

আজ ২২ মে, বিকাল সাড়ে ৫ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট সাংবাদিক, কবি ও লেখক হাসান হাফিজ এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, নজরুল সাধক ও গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। পরে, সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।

আগামীকাল ২য় দিন একই সময়ে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। 

এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  এ. কে. এম. আবদুল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক  মেহজাবীন রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্রোহের কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলাম রচিত সংগীত, গানের সাথে নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে। 

সমাপনী দিন ২৪ মে, ২০২৬, বিকাল সাড়ে ৫ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। এতে স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এদিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

এ ছাড়া দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির স্মরণে আলোচনা ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নানান অনুষ্ঠানমালা পরিবেশিত হবে। সকল আয়োজন উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সকল অনুষ্ঠানমালা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে (shilpakalachannel)-এ সরাসরি সম্প্রচারিত হবে।