বাসস
  ১২ মে ২০২৬, ২২:৪১

শিল্পকলায় মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন : স্মরণ করা হয় ৪ গুণীজনকে

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান।

আজ জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রথম পর্বে স্মরণ করা হয় প-িত রবিশঙ্কর-কে। তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত সেতারবাদক ও সুরকার, যিনি শাস্ত্রীয় সংগীতকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

মুখ্য আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর সংগীত বিভাগের প্রধান অধ্যাপক অসিত দে।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সেতার বাজান নিশীত দে এবং একক নৃত্য (তারানা) পরিবেশন করেন এস এম হাসান ইশতিয়াক।

পরে স্মরণ করা হয় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক শাস্ত্রীয় সংগীত জগতের অন্যতম পরিপূর্ণ সংগীতজ্ঞ ওস্তাদ আয়েত আলী খাঁ-কে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মুঃ বিল্লাল হোসেন খান এবং মুখ্য আলোচক ছিলেন সংগীতশিল্পী ফওজিয়া খান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তৃতা করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। অনুষ্ঠানে সেতার বাজান ফিরোজ খান ও জ্যোতি ব্যানার্জী।

এরপর স্মরণ করা হয় উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পুরুষ, সেতার ও সানাই এবং রাগসংগীতের ঘরানার গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁ-কে।

দিনের শেষ অনুষ্ঠানে স্মরণ করা হয় ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বহুল পরিচিত গুরু সদয় দত্ত-কে।