শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে পপ সুপারস্টার শাকিরার আসন্ন কনসার্টের মঞ্চ স্থাপনের কাজ চলাকালে রোববার এক টেকনিশিয়ান নিহত হয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ ও আয়োজকরা এ তথ্য জানিয়েছেন।
ব্রাজিলের কোপাকাবানা সৈকতের বালুচরে একটি মঞ্চ তৈরির জন্য কর্মীরা সপ্তাহ ধরে কাজ করছে।
এখানে আগামী ২ মে কলম্বিয়ান গায়িকা শাকিরার একটি বিনামূল্যের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সারা বিশ্ব থেকে এখানে প্রচুর লোকের সমাগম হবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কাজের সময় এক লিফটিং সিস্টেমে আটকে পড়ে ওই কর্মীর দুই পায়ে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও পরে তিনি মারা যান।
রাষ্ট্রীয় ফায়ার সার্ভিস (সিবিএমইআরজে) এক বিবৃতিতে জানায়, হাসপাতালে নেওয়ার পর টেকনিশিয়ানের মৃত্যু হয়।
কনসার্ট আয়োজক বোনাস ট্র্যাক এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে ওই টেকনিশিয়ান হাসপাতালে মারা গেছেন।’
ঘটনার সময় সমুদ্র সৈকতে উপস্থিত ৫১ বছর বয়সী অ্যান্টোনিও মার্কোস ফেরেইরা দোস সান্তোস এএফপিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি লোকজন দৌড়াচ্ছে। যখন আমরা তাকালাম, তখন দেখি পুরো কাঠামোটি বা মঞ্চটি মাটিতে পড়ে গেছে।’