শিরোনাম

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কর্মহীনতার সময়ে সহায়তা নিশ্চিত করতে বিজিএমইএ কমপ্লেক্সে ‘আনএমপ্লয়েড ওয়ার্কার্স প্রটেকশন প্রোগ্রাম’ (ইউডব্লিউপিপি) ও ‘লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘টিএ-এসপিবিএস’ প্রকল্পের যৌথ উদ্যোগে আজ উত্তরায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিজিএমইএ’র পরিচালক নাফিস-উদ-দৌলা, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সেন্ট্রাল ফান্ডের পরিচালক তাহমিনা বেগম, ডিআইএফই’র সহকারী মহাপরিদর্শক আল আমিন, জিআইজেড ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ অর্ধ শতাধিক কারখানার এইচআর কর্মকর্তারা অংশ নেন।
বিজিএমইএ’র পরিচালক নাফিস-উদ-দৌলা বলেন, পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। সংকটে পড়া শ্রমিকদের সহায়তায় সরকার, বিজিএমইএ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
কর্মশালায় জানানো হয়, ইউডব্লিউপিপি’র আওতায় কারখানা বন্ধ, দুর্ঘটনা বা মাতৃত্বকালীন ছুটির কারণে সাময়িক কর্মহীন শ্রমিকদের জি২পি পদ্ধতিতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সর্বোচ্চ তিন মাস নগদ সহায়তা দেওয়া হয়।
এ সময় শ্রমিকদের পে-রোল ও এনআইডি তথ্য নির্ভুল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা থেকে বঞ্চিত না হন।