শিরোনাম

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : গ্রীষ্মকালীন ছুটির সময়ে কম লেনদেনে শুক্রবার বিশ্ববাজারে শেয়ারদর কমেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও মার্কিন অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতি সপ্তাহান্তের আগে বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে।
তেলের দাম বেড়েছে। বিনিয়োগকারীরা আরও অস্থিরতার জন্য প্রস্তুত হচ্ছেন। মার্কিন ও ইরানি কর্মকর্তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার কথা জোর দিয়ে বলার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইরান প্রণালীটি দিয়ে ট্যাংকার চলাচল অনেকটাই বন্ধ করে দিয়েছে।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ওয়াল স্ট্রিটে বৃহস্পতিবার এসঅ্যান্ডপি ৫০০ নতুন রেকর্ড গড়েছিল। তবে শুক্রবার সূচকটি নেতিবাচক অবস্থানে নেমে যায়। এশিয়ার বাজারে মিশ্র লেনদেনের পর ইউরোপের অধিকাংশ সূচকও নিম্নমুখী অবস্থায় দিন শেষ করে।
প্রত্যাশার তুলনায় দুর্বল মার্কিন খুচরা বিক্রয় বিশ্বের বৃহত্তম অর্থনীতির সম্ভাবনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মোট খুচরা বিক্রয় আগের মাসের তুলনায় ০.৬ শতাংশ কমে ৭৬৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে মিশিগান বিশ্ববিদ্যালয়ের নতুন ভোক্তা আস্থা জরিপে দেখা গেছে, আগস্টে ভোক্তাদের আস্থা প্রায় ৮ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে টানা দুই মাসের উন্নতির অবসান হয়েছে।
ভোক্তা জরিপের পরিচালক জোয়ান সু বলেন, ‘মাসের শুরুতে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে আস্থা কমলেও বয়স্ক ভোক্তা, নিম্ন আয়ের ভোক্তা এবং কলেজ ডিগ্রিবিহীন মানুষের মধ্যে বড় ধরনের পতন দেখা গেছে।’
তিনি বলেন, ‘মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা কমে গেলে এসব গোষ্ঠী বিশেষভাবে ঝুঁকির মধ্যে পড়ে।’
এসব তথ্যের কারণে ফেডারেল রিজার্ভ শিগগিরই ঋণের সুদ বাড়াবে নাÑএমন প্রত্যাশা জোরদার হয়েছে। তবে ইটোরোর বিনিয়োগ বিশ্লেষক ব্রেট কেনওয়েল বলেন, ‘বিনিয়োগকারীদের নিজেদের প্রত্যাশা নিয়ে সতর্ক থাকা উচিত।’
তিনি বলেন, ‘অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হলে ভোক্তাদেরও স্থিতিশীল থাকতে হবে।’ জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম কমলেও ‘অন্য খাতে ব্যয় বাড়েনি।’
মার্কিন-ইরান সংঘাতের অবসানের তেমন কোনো লক্ষণ না থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থায়ী মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগই বিশ্ববাজারে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ক্রেসেট ক্যাপিটালের জ্যাক অ্যাবলিন বলেন, ‘দুর্বল নিলামের পর আমরা তেলের দাম, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ট্রেজারি বাজারের গতিবিধি পর্যবেক্ষণ করছি।’ চলতি সপ্তাহের শুরুতে ওই দুর্বল নিলাম অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, ছুটির মৌসুমের মাঝামাঝি শুক্রবার হওয়ায় লেনদেনের পরিমাণ কম ছিল।
যুদ্ধের বাইরে প্রযুক্তি খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করতে বিপুল বিনিয়োগও বাজারের কেন্দ্রবিন্দুতে ছিল।
মার্কিন চিপ উৎপাদন সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসের শেয়ার ৫ শতাংশের বেশি কমেছে। কোম্পানিটি রেকর্ড ৯ দশমিক ১ বিলিয়ন ডলার ত্রৈমাসিক বিক্রয় করলেও এই পতন হয়েছে। বিশ্লেষকরা বলেন, বিনিয়োগকারীরা আরও ভালো ফল প্রত্যাশা করেছিলেন।
অন্যদিকে স্যানডিস্কের শেয়ার ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সঙ্গে কোম্পানিটির সম্ভাবনা নিয়ে দেওয়া বিনিয়োগকারীদের উপস্থাপনা বাজারে প্রশংসা পাওয়ায় শেয়ারটির দাম বেড়েছে।
এশিয়ায় শুক্রবার সিউলের বাজারে ২ শতাংশের বেশি উত্থান হয়েছে। গত মাসে ব্যাপক দরপতনের পর চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ার আরও ঘুরে দাঁড়ানোয় এ উত্থান হয়েছে।
জুনের সর্বোচ্চ অবস্থান থেকে ৬ আগস্ট দিনের লেনদেনে সর্বনিম্ন অবস্থানে পৌঁছানো পর্যন্ত দেশটির কোস্পি সূচক প্রায় ৪০ শতাংশ পড়ে গিয়েছিল। এরপর সূচকটি ২০ শতাংশের বেশি ঘুরে দাঁড়িয়েছে।
শুক্রবার টোকিওর বাজারেও শেয়ারদর বেড়েছে। প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান কিওক্সিয়া, অ্যাডভানটেস্ট ও সনি এবং প্রযুক্তি খাতে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংকের শেয়ারও বেড়েছে।