বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

দ্বিতীয় ইনিংসে হাসানের ৩ উইকেট; ব্যর্থ খালেদ 

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৪৫তম ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ডার্বিশায়ারের বিপক্ষে ৩ উইকেট পেয়েছেন কেন্টের বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেন তিনি। 

প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে বল হাতে চমক দেখিয়েছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেটের দেখা পাননি কাউন্টিতে অভিষেক হওয়া খালেদ। 

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে হাসান-খালেদ তোপে প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয় ডার্বিশায়ার। হাসান ৩০ রানে ৪টি ও খালেদ ৭৩ রানে ৩টি উইকেট নেন। 

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রানে গুটিয়ে যায় কেন্ট। 

৮১ রানে এগিয়ে খেলতে নেমে ৮ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ডার্বিশায়ার। এই ইনিংসে হাসান ১৬ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন। ১৮ দশমিক ৪ ওভার বল করে ৬৪ রান খরচ করেও উইকেটের দেখা পাননি খালেদ। 

গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান। কাউন্টিতে অভিষেকের প্রথম ম্যাচে ৯ ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি।

এরপর দ্বিতীয় দফায় কাউন্টিতে গেল সপ্তাহে উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে ৭ উইকেট নেন হাসান। কাউন্টিতে প্রথমবার খেলতে নেমে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২৬ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সি হাসান।