শিরোনাম

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এই হারে আগামী বছর জুনিয়র হকি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের।
টুর্নামেন্টের নিয়মানুযায়ী, যুব এশিয়া কাপ থেকে শীর্ষ ছয় দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এখন সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। আর পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লড়বে জাপান ও চীন।
পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতে পারলেই বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের-এমন লক্ষ্য নিয়ে চীনের হুলুনবুইর সিটিতে জাপানের মুখোমুখি হয় বাংলাদেশ।
ম্যাচের ৪১ মিনিটের মধ্যে পাঁচ গোল হজম করে বাংলাদেশ। ৫-০ গোলে এগিয়ে গিয়ে নিশ্চিত জয়ের পথ নিশ্চিত করে জাপান।
৪১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের মাহাদি হাসান গোল করলে ব্যবধান ৫-১-এ নেমে আসে।
৪৫ মিনিটে বাংলাদেশের জালে ষষ্ঠবারের মতো বল পাঠায় জাপান।
৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের হারের ব্যবধান কমান মুন্না ইসলাম। শেষ পর্যন্ত ৬-২ গোলে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
এবারের আসরে পুল ‘বি’তে ৪ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ৩ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকে বাংলাদেশ।
নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ৩-২ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হারের পর কাজাখস্তানকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।