শিরোনাম
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইংল্যান্ড বোলারদের তোপে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ১৩৩ রানে অলআউট হয়েছে সফরকারী পাকিস্তান। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ২৩ রানে এগিয়ে ইংলিশরা।
বার্মিংহামে টস হেরে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন ও জোফরা আর্চারের বোলিং তোপে ২৬ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুব শূন্য, আজান আওয়াইস ৯, আব্দুল্লাহ শফিক ৩ ও শান মাসুদ ৫ রানে আউট হন।
এরপর ইংল্যান্ডের আরেক পেসার জশ টাং তোপে পড়ে দ্রুত গুটিয়ে যাবার মুখে পড়ে পাকিস্তান। ১০১ রানে অষ্টম উইকেট পতন হয় তাদের। শেষ পর্যন্ত সৌদ শাকিলের ৪৩ রানের সুবাদে ১৩৩ রান পর্যন্ত যেতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ আব্বাস।
ইংল্যান্ডের টাং ৪টি, রবিনসন ও আর্চার সমান ৩টি করে উইকেট নেন।
ব্যাট হাতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। বেন ডাকেট ১১, জর্ডান কক্স ৪ ও অধিনায়ক জো রুট ৮ রান করেন। চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ইমিলো গে ও হ্যারি ব্রুক। ৯টি চারে ৬০ রানে আউট হন গে।
দিন শেষে ৫২ রানে অপরাজিত থাকেন ব্রুক। তার সাথে ৫ রানে অপরাজিত ড্যান লরেন্স।
পাকিস্তানের অভিষিক্ত পেসার রাজাউল্লাহ ২ উইকেট নেন।