শিরোনাম

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : হার দিয়ে জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপের পুল পর্ব শেষ করলেও বিশ্বকাপে খেলার আশা এখনও টিকে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের।
পুল ‘বি’-তে আজ নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। আগের তিন ম্যাচের মধ্যে শুধু কাজাখস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
পুল পর্বে ৪ ম্যাচ খেলে ১ জয় ও ৩ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে হয়েছে বাংলাদেশ। তারপরও বাংলাদেশের যুব বিশ্বকাপে খেলার আশা টিকে আছে।
এখন স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১১ সেপ্টেম্বর জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয়ী হয়ে ষষ্ঠ স্থানে থাকতে পারলে যুব বিশ্বেকাপের টিকিট পাবে বাংলাদেশ। যুব এশিয়া কাপ থেকে শীর্ষ ছয় দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯ ও ১২ মিনিটে গোল করেন পাকিস্তানের ওয়ালেদ রানা। ৫২ মিনিটে পাকিস্তানের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন গুলাম মুস্তাফা।
নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ৩-২ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হারের পর কাজাখস্তানকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ। এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।