শিরোনাম

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে জাপান। আগামী ২২ সেপ্টেম্বর সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচে জাপানকে নেতৃত্ব দেবেন দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্যান্ডেল কাডওয়াকি-ফ্লেমিং।
দলের আছেন ফ্লেমিংয়ের মতই জাপানের হয়ে ৫০ বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইব্রাহিম তাকাহাশি ও ডেক্লান সুজুকি।ঘরোয়া প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেয়েছেন উদীয়মান স্পিন-বোলিং অলরাউন্ডার জেক কুসুদা-নায়ের্ন। এছাড়া দলে ফিরেছেন সুয়োশি তাকাদা। ২০১৩ সালে আইসিসি ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম জাপানের হয়ে খেলেছিলেন তিনি।
দলে রয়েছেন জাপানের ক্রিকেট-বুকাতসু (স্কুলভিত্তিক ক্রিকেট) কার্যক্রমের দুই ক্রিকেটার ওয়াতারু মিয়াউচি ও মাকোতো তানিয়ামা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের ভিডিও দেখে নিজের বোলিং অ্যাকশন তৈরি করেন লেগ স্পিনার তানিয়ামা। আদর্শ ওয়ার্নের স্মরণে ২৩ নম্বর জার্সি পরেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচে দলে রাখা হয়েছে জাপানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য চার্লি হারা-হিনজেকেও। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৯ ও ২০ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাপান। এরপর ২৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবে তারা।
জাপান দল : কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন ইতো-ডেভিস, অ্যালেস্টার কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, জেক কুসুদা-নাইর্ন, ওয়াতার মিয়াউচি (উইকেটরক্ষক), রেও সাকুরানো-থমাস, অ্যালেক্স শিরাই-প্যাটমোর (উইকেটরক্ষক), শোমা সুগায়া-স্টোর, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা ও লাচলান ইয়ামামোতো-লেক।