বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫

কাউন্টিতে বল হাতে হাসান-খালেদের ঝলক  

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৪৫তম ম্যাচে কেন্টের হয়ে বল হাতে ঝলক দেখালেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

গতকাল ডার্বিশায়ারের বিপক্ষে শুরু হওয়া ম্যাচের প্রথম দিন কেন্টের হাসান ৪টি ও খালেদ ৩ উইকেট নেন। এতে প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয় ডার্বিশায়ার। জবাবে দিন শেষে ১ উইকেটে ১১ রান করেছে কেন্ট। ৯ উইকেট হাতে নিয়ে এখনও ২৮৯ রানে পিছিয়ে কেন্ট।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় কেন্ট। ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট শিকার করেন হাসান। ডার্বিশায়ারের হ্যারি কেম ও ম্যাথু মন্টগোমেরিকে খালি হাতে বিদায় করেন হাসান।

হাসানের সাথে তাল মিলিয়ে কিছুক্ষণ পর অন্য প্রান্ত দিয়ে দুই উইকেট শিকার করেন খালেদও। মুহাম্মদ নাইমকে ১২ ও অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে ২৯ রানে আউট করেন খালেদ। এতে ৬৪ রানে ৪ উইকেট হারায় ডার্বিশায়ার।

পরবর্তীতে ব্রুক গেস্টকে ১১ রানে হাসান এবং জ্যাক মোরলিকে ১০ রানে থামান খালেদ। ডার্বিশায়ারের শেষ ব্যাটার শোয়েব বশিরকে শূন্যতে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান।

মিডল অর্ডার ব্যাটার মার্টিন এন্ডারসনের অনবদ্য ১২৯ রানের সুবাদে গুটিয়ে যাবার আগে ৩০০ রান পর্যন্ত যেতে পারে ডার্বিশায়ার। বল হাতে হাসান ১৫ দশমিক ৫ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন। ১৮ ওভারে ৭৩ রানে ৩ উইকেট শিকার করেন কাউন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নামা খালেদ।

গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান। কাউন্টিতে অভিষেকের প্রথম ম্যাচে ৯ ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি।