শিরোনাম

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম দুই টেস্টের দল থেকে সাতজনকে বাদ দিয়েছে পিসিবি। তাদের জায়গায় পাঁচ নতুন মুখসহ সাতজনকে দলে নিয়েছে পাকিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। লিডসে প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে এবং লর্ডসে দ্বিতীয় টেস্ট ১৯৪ রানে হারে সফরকারীরা। এরপরই তৃতীয় টেস্টের আগে দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান।
প্রথম দুই টেস্টের দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন- মোহাম্মাদ রিজওয়ান, ইমাম-উল-হাক, সালমান আগা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফার ও খুররাম শাহজাদ।
এই সাতজনের জায়গায় তৃতীয় ও শেষ টেস্টের আগে দলে যোগ দেবেন- সাইম আইয়ুব, আবদুল্লাহ ফাজাল, আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ।
এরমধ্যে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ হয়নি ইমরান, রাজাউল্লাহ, সাদ বেগ, ইমরান জুনিয়রের। দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন মিনহাস।
এদিকে, সরফরাজ আহমেদকে সরিয়ে কোচ হিসেবে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হেসনকে। এছাড়া বোলিং কোচ উমার গুলের জায়গায় দায়িত্ব পেয়েছেন অ্যাশলি নফকে। সাদা বলের ফরম্যাটে প্রধান কোচ ও বোলিং কোচের দায়িত্ব পালন করেন হেসন ও নফকে।
বার্মিংহামে আগামী ৯ সেপ্টেম্বর থেকে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন্য পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ, আবদুল্লাহ ফাজাল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মদ আলি, মুহাম্মাদ ইমরান, মোহাম্মাদ ইমরান জুনিয়র, মুহাম্মাদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), উবাইদ শাহ।