বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯

দক্ষিণ আফ্রিকার ৫১২ রানের জবাবে হৃদয়-জাকেরের প্রতিরোধ

ফাইল ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৩১১ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫১২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২০১ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। 

পচেফস্ট্রুমে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩৭২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। 

দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ১৪০ রান যোগ করতে পারে দক্ষিণ আফ্রিকা। ১১৫ দশমিক ১ ওভারে ৫১২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। 

লেসগো সেনেকওয়ানে ১১১, সিনেথেম্বা কেশিলে ১২৮ এবং গাভিন কাপলান ৯৭ রানে আউট হন।

বল হাতে বাংলাদেশের নাইম হাসান ৪টি, হাসান মুরাদ ৩টি ও রেজাউর রহমান রেজা ২টি উইকেট নেন।

জবাবে ৩৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ ও পারভেজ হোসেন ইমন ৫ রানে থামেন। উইকেটে সেট হয়েও ৩৪ রানে বিদায় নেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম। 

৮৬ রানে তৃতীয় উইকেট পতনের পর ৪৯ রানের জুটি গড়েন অধিনায়ক তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন। জুটিতে ২৯ রান অবদান রেখে ফিরেন আফিফ। 

দলীয় ১৩৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আফিফ ফেরার পর ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন হৃদয় ও জাকের আলি। 

১১ চার ও ১ ছক্কায় হৃদয় ৭৫ এবং জাকের ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ রানে অপরাজিত আছেন। 

দক্ষিণ আফ্রিকার কাইল সিমন্ডস ২ উইকেট নেন।