বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৬:৪১

ফার্নান্দসের হ্যাটট্রিকে প্রথম জয় ম্যান ইউ’র 

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ (বাসস) : অধিনায়ক ব্রুনো ফার্নান্দসের হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড।

গতরাতে ইংলিশ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যান ইউ ৫-২ গোলে হারিয়েছে ইপসুইচ টাউনকে। লিগে নিজেদের প্রথম ম্যাচে নবাগত হাল সিটির কাছে ২-০ গোলে হেরেছিল মাইকেল ক্যারিকের দল।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম গোল হজম করে ম্যানচেষ্টার ইউনাইটেড। ২৯ মিনিটে ফাতাউ ইসাহাকুর পাস থেকে দারুণ শটে ইপসুইচকে এগিয়ে দেন লিফ ডেভিস।

গোল হজম করে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ম্যান ইউ। ৪০ মিনিটে মাথেউস কুইয়ার পাস থেকে ডি-বক্সে ঢুকে গোল করেন ফার্নান্দস। ১-১ গোলে সমতা রেখে বিরতি যায় দু’দল। 

বিরতি পর ৫৬ মিনিটে আত্মঘাতি গোলে প্রথম এগিয়ে যায় ম্যানচেষ্টার ইউনাইটেড। হ্যারি ম্যাগুইয়ারের শট ইপসুইচের ডিফেন্ডার জ্যাকব গ্রিভসের পায়ে লেগে বল জালে জড়ায়।

৬১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান ফার্নান্দেস। ইপসুইচের ডি-বক্সে কুইয়াকে পেছন থেকে ফাউল করেন গ্রিভস। এতে পেনাল্টি পায় ম্যান ইউ। পেনাল্টি থেকে গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ফার্নান্দেস।

৬৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফার্নান্দেস। এমবুমোর শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় ফার্নান্দেসের কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে ইপসুইচের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ফার্নান্দেস।

৮২ মিনিটে ম্যান ইউর পঞ্চম গোলেও অবদান রাখেন ফার্নান্দেস। তার অ্যাসিস্টে গোল করেন এমবুমো। ৫-১ গোলে লিড নেয় ম্যান ইউ। 

দ্বিতীয়ার্ধের ইনুজরি সময়ের প্রথম মিনিটে গোল করে হারের ব্যবধান কমান ইপসুইচের ফরোয়ার্ড চুবা আকপম।

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে ম্যান ইউ। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ইপ্সউইচ।