শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ (বাসস) : ক্যারম খেলার মধ্য দিয়ে উদ্বোধন হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬। দুই সপ্তাহের এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হচ্ছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড 'কিউট'।
আজ দুপুরে হোম অব বিএসপিএ'তে স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) নির্বাহী পরিচালক আসমা আশরাফী সাকলাইন।
বিএসপিএ যুগ্ম-সম্পাদক ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিএসপিএ'র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ স্পোর্টস কার্নিভালের রোমাঞ্চ উপভোগ করার আহ্বানের পাশাপাশি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
জাহেদ পারভেজ চৌধুরী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আসমা আশরাফী খেলাধুলার উন্নয়নে কিউট ভবিষ্যতেও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক ও মো. সামন হোসেন, সংগঠনের আজীবন সদস্য সেলিম নজরুল হক, অর্থ সম্পাদক শাহজাহান কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলমসহ বিএসপিএ'র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার মোট ৮ ইভেন্টের ১২ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বিএসপিএর শতাধিক সদস্য।
ইভেন্টগুলো হচ্ছে আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সকল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে।