বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৭:৩০

রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো মঙ্গলবার বলেছেন, মিডফিল্ডার রদ্রিকে দলে না পেলেও নিজের স্কোয়াড নিয়ে তিনি ‘খুবই সন্তুষ্ট’ এবং তার মতে দলটি পূর্ণাঙ্গ। রদ্রি এবারের গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দিয়েছে।

চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ তাদের স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে। রেকর্ড মূল্যের নতুন সংযোজন ইয়ান দিয়োমান্দে, বার্নান্ডো সিলভা ও মার্ক কুকুরেয়াসহ ছয়জন খেলোয়াড়কে দলে নিয়েছে তারা। তবে রদ্রিকে দলে ভেড়ানোর রিয়ালের চেষ্টা সফল হয়নি। ফলে সাবেক ম্যানচেস্টার সিটি প্লেমেকার সিলভাকে ছাড়া মিডফিল্ডে আর কোনো শক্তি যোগ করতে পারেনি মাদ্রিদ।

মরিনহো সাংবাদিকদের বলেন, “আমার কাছে স্কোয়াড সম্পূর্ণ, কিন্তু ট্রান্সফার মার্কেট এখনো খোলা- কখন কী হয় বলা যায় না। কোনো খেলোয়াড় এসে বলতে পারে, ‘আমি দুইবার বেঞ্চে বসেছি এবং চলে যেতে চাই।’”

“তাত্ত্বিকভাবে আর কোনো চুক্তি নয়... তবে যেকোনো কিছু ঘটতে পারে। আমার মনে হয়েছে স্কোয়াড পুরোপুরি সম্পূর্ণ এবং আমি কারও জন্য অনুরোধ করিনি। আমার হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে আমি খুবই সন্তুষ্ট।”

২০২৪ ও ২০২৫ সালে মিডফিল্ডের দুই মাস্টারমাইন্ড লুকা মদ্রিচ ও টনি ক্রুস চলে যাওয়ার পর থেকে ম্যাচ নিয়ন্ত্রণে রিয়াল মাদ্রিদকে বেশ কিছুটা সংগ্রাম করতে হচ্ছে।

শনিবার লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তে ২-১ গোলের জয় পায় মরিনহোর দল। ওই ম্যাচে মিডফিল্ডে বার্নান্ডো সিলভা ও ফেডেরিকো ভালভার্দে একসঙ্গে খেলেন।

মরিনহো জানান, ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিয়েন টিচুয়ামেনি বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত নন।

“তার একটি সমস্যা আছে। ছুটির সময়টা ইনজুরি থেকে সেরে ওঠার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচগুলো এগিয়ে আসায় খেলোয়াড়টি চেষ্টা করতে চেয়েছিল... কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভুগতে ভুগতে একটি মৌসুম শুরু করা যায় না,” ব্যাখ্যা করেন কোচ।

“মৌসুমের শেষ দিকে, শেষ কয়েক মাসে কিছুটা কষ্ট নিয়ে খেলেও শেষ করা যায়। কিন্তু আগস্টে শতভাগ ফিট না হয়ে মৌসুম শুরু করা যায় না। তাই আমরা তার সঙ্গে, কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, তাকে শতভাগ ফিট অবস্থায় ফিরিয়ে আনব।”

উরুগুয়ের আন্তর্জাতিক খেলোয়াড় ভালভার্দেও উপর মিডফিল্ডার হিসেবে মরিনহোর পূর্ণ আস্থা রয়েছে। যদিও আগের কোচরা তাকে রাইট-ব্যাক ও রাইট উইঙ্গারসহ বিভিন্ন পজিশনে খেলিয়েছেন।

“আমার কাছে সে মাঠের মাঝখানের একজন খেলোয়াড়,” যোগ করেন মরিনহো।

“প্রতিপক্ষ এবং আমাদের লক্ষ্য অনুযায়ী, সে নিজের পজিশনে আরও নির্দিষ্টভাবে খেলতে পারে, আবার আরও স্বাধীনভাবে চলাফেরাও করতে পারে।”

আধুনিক ফুটবলে খেলোয়াড়দের নির্দিষ্ট পজিশনের গুরুত্ব কমে গেছে বলেও মন্তব্য করেন মরিনহো, “আমি টিচুয়ামেনিকে ৬ নম্বর, কামাভিঙ্গাকে ৬ নম্বর, ফেডেরিকোকে ৮ নম্বর, বার্নান্ডোকে ১০ নম্বর হিসেবে চিহ্নিত করতে চাই না... ম্যাচের মধ্যে এসব পজিশনের সীমারেখা অনেকটাই মিশে যায়।”