শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬ (বাসস) : জার্মানির ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের ভোটে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তিনি পেছনে ফেলেছেন সতীর্থ মাইকেল ওলিসেকে।
দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর এই পুরস্কার জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক কেন। গত মৌসুমে তিনি বায়ার্নকে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছায়।
সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ক্লাবটির হয়ে ৬১ গোল করেছেন কেন।
এরপর বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেন তিনি। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড।
কেন ছাড়াও আরও দুই ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছে বায়ার্ন। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। আর দলটির নারী দলের অধিনায়ক জুলিয়া গুইন জিতেছেন বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার।
জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের ৬৯৫ সদস্য এই পুরস্কারের জন্য ভোট দেন। বুন্দেসলিগার খেলোয়াড়দের পাশাপাশি বিদেশে খেলা জার্মান ফুটবলাররাও এই সম্মানের জন্য বিবেচিত হন।
৩৩ বছর বয়সী কেন এই পুরস্কার জেতা প্রথম ইংরেজ। ২০২৫ সালেও ওলিসে বর্ষসেরার তালিকায় দ্বিতীয় হয়েছিলেন। সেবার তার ওপরে ছিলেন ফ্লোরিয়ান রিটজ।
বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে বলেন, “হ্যারি কেনকে বর্ণনা করার জন্য যথাযথ বিশেষণ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কখনো কখনো আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে সে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে, আর এখন জার্মানিতেও এই পুরস্কার জিতেছে।”