বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ২০:২৫
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২০:৫০

বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের কীর্তি শরিফুলের

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। 

ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১৫ ওভারে ৪৮ রানে ৭ উইকেট নেন শরিফুল। বিদেশের মাটিতে বাংলাদেশি বোলার হিসেবে এটাই সেরা বোলিং। 

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪০.২ ওভার বল করে ১৩৮ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তাইজুল। ঐ টেস্ট ইনিংস ও ৮৫ রানে হারে বাংলাদেশ। 

এছাড়া বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট শিকারের কীর্তি গড়েছেন শরিফুল। 

এত দিন বাংলাদেশের পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেটের মালির ছিলেন শাহাদাত হোসেন। ১৮ বছর পর নতুন রেকর্ড গড়লেন শরিফুল।

সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ১৫.৩ ওভারে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত। এতদিন বাংলাদেশ পেসারদের মধ্যে এটি সেরা বোলিং ফিগার ছিল। ঐ টেস্ট ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। 

টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন শরিফুল। প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে- তাইজুল ও সাকিব। 

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬.৫ ওভারে ৩৯ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল। যা এখনও বাংলাদেশের কোন বোলারের সেরা বোলিং ফিগার। ঐ টেস্ট ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। 

এরপর আছেন সাকিব। ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫.৫ ওভারে ৩৬ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি। 

এছাড়া ১৪০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাঁ-হাতি পেসার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকার করলেন শরিফুল। সর্বশেষ ১৮৮৬ সালে ম্যানচেষ্টারে ৪৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডিক বারলো।