বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৬:৪২

কুঁচকির ইনজুরিতে মৌসুম শেষ কারানের

ঢাকা, ২১ আগস্ট ২০২৬ (বাসস): কুঁচকির ইনজুরির কারণে ঘরের মাঠে চলতি মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারান। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ দিয়ে কারানের টেস্টে ফেলার স্বপ্নও ভেস্তে গেল।

গত জুনে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বেন স্টোকস। 

তার সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় ছিলেন ২৮ বছর বয়সি কারান।

তবে ঘরোয়া ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ‘এমআই লন্ডন’-এর হয়ে খেলার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন কারান। আগামীকাল অস্ত্রোপচার হবে এবং এই মৌসুমের পুরোটাই মাঠের বাইরে থাকবেন তিনি।

২০১৮ সালে ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয় কারানের। এরপর ২৪ টেস্ট খেলে ৮১৫ রান ও ৪৭ উইকেট শিকার করেন তিনি। ২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলেন কারান। তবে ইংল্যান্ডের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দলের নিয়মিত সদস্য এই বাঁ-হাতি ক্রিকেটার।

স্টোকসের সম্ভাব্য আরেক বিকল্প উইল জ্যাকসও মাঠের বাইরে আছেন। অ্যাপেন্ডিকস অস্ত্রোপচারের পর বর্তমানে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য আছেন তিনি।

আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন জ্যাকস।