বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৬:৪১

১৯৫ রানে এগিয়ে ইংল্যান্ড

ঢাকা, ২১ আগস্ট ২০২৬ (বাসস): চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হাতে নিয়ে ১৯৫ রানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।

প্রথম ইনিংসে পাকিস্তানের ১৭১ রানের জবাবে ৮ উইকেটে ৩৬৬ রান করেছে ইংল্যান্ড।

লিডসে প্রথম দিনই অলআউট হয় পাকিস্তান। জবাবে দিন শেষে ২ উইকেটে ১১২ রান করেছিল ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ৫৯ রানে পিছিয়ে ছিল ইংলিশরা। জর্ডান কক্স ২৩ ও জো রুট ৩৭ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন কক্স ৭৩ ও রুট ৬৬ রানে আউট হন। তৃতীয় উইকেটে ১৫০ রানের জুটি গড়েন তারা।

দলীয় ২০২ রানের মধ্যে কক্স ও রুট ফেরার পর পঞ্চম উইকেটে ১২০ রান যোগ করেন হ্যারি ব্রুক ও ড্যান লরেন্স। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯১ রানে আউট হন ব্রুক। ওয়ানডে মেজাজে খেলে ৯৩ বল খেলে ১৩টি চার মারেন তিনি।

হাফ-সেঞ্চুরি পূর্ণ করে লরেন্স থামেন ৫১ রানে।। এরপর গ্যাস অ্যাটকিনসন ৩ ও ওলি রবিনসন শূন্য রানে আউট হন।

দিন শেষে জেমি স্মিথ ১৬ ও জোফরা আর্চার শূন্য রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আল উসমান ৫ উইকেট নেন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন উসমান।