বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৮:০০
আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৮:০২

দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না চান্ডিমাল ও মেন্ডিস

ঢাকা, ২০ আগস্ট ২০২৬ (বাসস) : ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না শ্রীলংকার দুই ব্যাটার দিনেশ চান্ডিমাল ও কুশল মেন্ডিস। আরেক ব্যাটার পাথুম নিশাঙ্কারও দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শঙ্কা আছে। 

গল-এ ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন (আজ) সকালে সীমানার কাছে ফিল্ডিং করার সময় কাঁধ ও ঘাড়ে চোট পান চান্ডিমাল। তার জায়গায় ঐ টেস্টের বাকী অংশে কনকাশন বদলি হয়ে খেলেন পাসিন্দু সুরিয়াবান্দারা।

দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মের ফাঁদে পড়েছেন চান্ডিমাল। আইসিসির নিয়ম অনুযায়ী, কনকাশন হলে পরবর্তী সাত দিনে কোন ম্যাচ খেলতে পারবেন না। 

সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শুরুতে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেন্ডিস। আশা করা হয়েছিল, সিরিজের দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে তাকে। কিন্তু ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠতে পারেননি মেন্ডিস। 

চান্ডিমাল ও মেন্ডিসকে নিয়ে শ্রীলংকার প্রধান কোচ গ্যারি কারস্টেন বলেন, ‘মেন্ডিসের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট রয়েছে এবং দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। ইনজুরি থেকে সুস্থ হতে আরও কিছুদিন দলের বাইরে থাকতে হবে তাকে।’

তিনি আরও বলেন, ‘চান্ডিমালও পরের টেস্টে খেলতে পারবেন না। আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও এটি তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের যোগ্যতা প্রমাণের দারুণ সুযোগ। এমন অনেক খেলোয়াড় আছেন যাদের প্রথম-শ্রেণীর ক্রিকেটে খুব ভালো রেকর্ড আছে। তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।’

কব্জির ইনজুরিতে ভুগছেন নিশাঙ্কা। দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠার সম্ভাবনা কম তার। তাই উপরের সারির তিন ব্যাটারকে ছাড়াই সিরিজ হার এড়ানোর মিশনে নামতে হবে শ্রীলংকাকে। প্রথম টেস্ট ১৬৫ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে লংকানরা। আগামী ২৩ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলংকা। 

দ্বিতীয় টেস্টের জন্য এখনও দল ঘোষণা করেনি শ্রীলংকা।