বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৭:৫৬

ঘাড়ের সমস্যায় ব্যাটিং অনুশীলন করেননি তানজিদ

ঢাকা, ২০ আগস্ট ২০২৬ (বাসস) : ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ঘাড়ের সমস্যায় পড়েছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। এজন্য আজ বাংলাদেশ দলের সাথে অনুশীলন করেননি তিনি। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তানজিদ। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর ম্যাচে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। কিন্তু নেটে ব্যাটিং অনুশীলন করেননি তিনি। বাংলাদেশ দলের ব্যাটিং অনুশীলন চলাকালীন পুরো সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সাথে নেটের এক কোনায় দাঁড়িয়ে কথা বলেছেন তানজিদ। ব্যাটিং অনুশীলন না করলেও দলের সাথে ওয়ার্মআপ ও ফিল্ডিং অনুশীলন করেছেন তানজিদ। ঘাড়ের সমস্যা থাকায় ঝুঁকি এড়াতেই ব্যাটিং অনুশীলন করেননি তিনি। 

তবে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন আরেক ওপেনার সৌম্য সরকার। যদি তানজিদ খেলতে না পারেন সেজন্য সৌম্যকে প্রস্তুত রাখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগের দিন দলের শেষ অনুশীলনে তানজিদকে পাবার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

এদিকে আজকের অনুশীলনে ব্যাটিংয়ের সময় আঙুলে বলের আঘাত পান বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সাথে সাথে নেটের উইকেট বসে পড়েন তিনি। সেখানেই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও অনুশীলন শুরু করেন মুশফিক। 

আজ নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম। অনুশীলনের সময় শরিফুলকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল। দ্বিতীয় টেস্টে শরিফুলকে একাদশে রাখা হবে কিনা সেটি পরিস্কার করেননি সিমন্স। সংবাদমাধ্যমকে সিমন্স বলেন, ‘আমরা এখনও একাদশ নিয়ে কোন সিদ্ধান্ত নেইনি। আগামীকাল সিদ্ধান্ত নিবো। শরিফুল দারুণ বোলার। আমাদের মূল লক্ষ্য দ্বিতীয় টেস্টে জয়।’