শিরোনাম

ঢাকা, ২০ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। বাঁ-পায়ের পেছনের মাংসপেশির ইনজুরিতে ভুগছেন লিটন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন লিটন।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি থেকে লিটনের ছিটকে যাবার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাঁ-পায়ের ইনজুরি থেকে সেরে উঠার পথে যথেষ্ট উন্নতি না হওয়ায় সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারবেন না লিটন।
পায়ের ইনজুরির কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি লিটন। তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দলের সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৪ উইকেটে এবং দ্বিতীয়টি ৭ রানে হারে টাইগাররা।
আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।