শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফলো-অন এড়াতে লড়ছে স্বাগতিক শ্রীলংকা। প্রথম ইনিংসে ভারতের ৯ উইকেটে ৫০৩ রানে জবাবে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলংকা। ফলে অন এড়াতে ২ উইকেট হাতে নিয়ে আরও ৩৯ রান করতে হবে লঙ্কানদের। সব মিলিয়ে ভারতের চেয়ে এখনও ২৩৮ রানে পিছিয়ে শ্রীলংকা।
কলম্বোতে ভারতের প্রথম ইনিংস শেষ হবার পর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৮ রান করেছিল শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ৪৯৫ রানে পিছিয়ে ছিল তারা। ৫ রানে ব্যাট করছিলেন ওপেনার কামিল মিশারা।
তৃতীয় দিন ব্যক্তিগত ১৯ রানে ভারত পেসার প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হন মিশারা। ৩৫ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলংকার স্কোর ১শ পার করেন পাসিন্দু সুরিয়াবান্দারা ও কামিন্দু মেন্ডিস। মেন্ডিসকে ৩২ রানে ফিরিয়ে ৮৭ রানের জুটি ভাঙ্গেন কৃষ্ণা।
নুতন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৮ রানের বেশি করতে পারেননি শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ভারত স্পিনার মানাভ সুথার শিকার হন তিনি।
অন্যপ্রান্তে রানের চাকা সচল রেখে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন গত টেস্টে দিনেশ চান্ডিমালের কনকাশন হওয়া পাসিন্দু সুরিয়াবান্দারা। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ভারত স্পিনার রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। ৯ চারে ৮০ রান করেন এই ডান-হাতি ব্যাটার।
উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে খালি হাতে সাজঘরে ফেরত পাঠান ভারত পেসার মোহাম্মদ সিরাজ। এতে ১৭৩ রানে সপ্তম উইকেট হারিয়ে ফলো-অনে শঙ্কায় পড়ে শ্রীলংকা।
অষ্টম উইকেটে ৫৭ রানের জুটিতে ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সোনাল দিনুশা ও কিশারা নুয়ান্থা। অষ্টম ব্যাটার হিসেবে নুয়ান্থা ১৮ রানে থামলে, শ্রীলংকার বাকী ২ উইকেট তাড়াতাড়ি তুলে নেওয়ার স্বপ্ন দেখছিল ভারত।
কিন্তু নবম উইকেটে লাহিরু কুমারার সাথে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করে শ্রীলংকার ফলো-অনের আশা বাঁচিয়ে রাখেন দিনুশা।
ক্যারিয়ারের পঞ্চম টেস্টে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬টি চার ও ২টি ছক্কায় ৮৫ রানে অপরাজিত দিনুশা। তার সঙ্গী কুমারার সংগ্রহ ৮ রান।
কৃষ্ণা ও সুথার ৩টি করে উইকেট নেন।