শিরোনাম

ঢাকা, ৭ মার্চ ২০২৬ (বাসস) : ৩৬ বছর বয়সী ওয়েলশ তারকা গ্যারেথ বেল ব্রিটেনের অন্যতম সফল ফুটবলারদের একজন। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন। কিন্তু ওয়েলস জাতীয় দলের হয়ে ২০২২ ফিফা বিশ্বকাপ খেলার পর মাত্র ৩৩ বছর বয়সে তিনি অবসর নেন।
ÒStick to FootballÓ পডকাস্টে বেল জানান, কিশোর বয়সে টটেনহ্যামে খেলার সময় তার পিঠের ডিস্ক ছিঁড়ে গিয়েছিল। এ সম্পর্কে তিনি বলেন, “১৮ বছর বয়সে টটেনহ্যামে থাকাকালীন আমার পিঠের ডিস্ক ছিঁড়ে যায়। পুরো ক্যারিয়ার আমি এই সমস্যার সঙ্গেই খেলেছি।”
বেলের মতে, তার বারবার হওয়া কাফ ইনজুরির পেছনেও এই পিঠের সমস্যাই দায়ী ছিল। তবে খেলোয়াড়ি জীবনে তিনি বিষয়টি প্রকাশ করেননি, কারণ অনেকেই এটিকে অজুহাত ভাবতে পারতেন।
২০১৩ সালে রেকর্ড ট্রান্সফারে তিনি টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। বেল জানান, তখন থেকেই ক্লাবটি তার চোটের বিষয়টি জানত এবং এটিকে “ম্যানেজ করা সম্ভব” বলেই মনে করত।
তিনি আরও বলেন, পায়ের পেশিতে চোটের ঝুঁকি কমাতে গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে তিনি দাঁত ব্রাশ করতেন । তবুও কখন ইনজুরি আবার ফিরে আসবে তা তিনি জানতেন না।
বেল আরো বলেন, “সবকিছু ঠিক রাখার জন্য আমি কাফ মাংসপেশিকে খুব শক্ত রাখতাম। কিন্তু কখনো যদি সমস্যা হতো, তখন আমার কিছু করার থাকত না। তখন পিঠে ইনজেকশন নিতে হতো যাতে ব্যথা কমে।”
এই দীর্ঘমেয়াদি চোটই শেষ পর্যন্ত তার ক্যারিয়ার দ্রুত শেষ করে দেয়।