শিরোনাম

ঢাকা, ৭ মার্চ ২০২৬ (বাসস) : আগামীকাল আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। ২০২৪ সালে বিশ্বকাপের ফাইনালেও অনফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ। এছাড়াও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পরিচালনা করেছিলেন ইলিংওয়ার্থ।
চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচেও অনফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ ও ওয়ার্ফ।
তৃতীয় আম্পায়ার হিসেবে ফাইনালে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাউদ্দিন পালেকার। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে ছিলেন তিনি।
ফাইনালে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দ্বিতীয় সেমিতে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকা দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।
বিশ্বকাপের ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিতেও ম্যাচ রেফারি ছিলেন তিনি।
ফাইনাল : ৭ মার্চ, ২০২৬
ভারত-নিউজিল্যান্ড, আহমেদাবাদ
অন-ফিল্ড আম্পায়ার : রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ।
তৃতীয় আম্পায়ার : আল্লাউদ্দিন পালেকার।
চতুর্থ আম্পায়ার : অ্যাড্রিয়ান হোল্ডস্টক।
রেফারি : অ্যান্ডি পাইক্রফট।