বাসস
  ০৭ মার্চ ২০২৬, ১৭:০৭

ধারণার চেয়ে গুরুতর রোনাল্ডোর চোট

ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : প্রথমে যা ধারণা করা হয়েছির তার থেকেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যামস্ট্রিং ইনজুরি বেশি গুরুতর বলে জানিয়েছে আল নাসরর কোচ জর্জ জেসুস। চিকিৎসার জন্য ইতোমধ্যেই রোনাল্ডোর মাদ্রিদে যাবার বিষয়টি ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহান্তে আল ফাইহার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।

শনিবার নিওম এসসির বিপক্ষে লিগ ম্যাচের আগে কোচ জর্জ জেসুস বলেন, পরীক্ষার পর বোঝা গেছে চোটটি প্রত্যাশার চেয়ে গুরুতর। তাই রোনাল্ডোকে বিশ্রাম ও চিকিৎসা নিতে হবে।

তিনি বলেন, রোনাল্ডো তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন এবং ক্লাব আশা করছে তিনি দ্রুতই দলে ফিরবেন।

এই মাসের শেষ দিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে আশাবাদী রোনাল্ডো। পুর্তগাল জাতীয় দল আগামী ২৮ মার্চ প্রীতি ম্যাচে এস্তাদিও আজটেকায় মেক্সিকো জাতীয় দলের মুখোমুখি হবে। এরপর আটালান্টায় ৩১ মার্চ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

সৌদি পেশাদার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে আছেন রোনাল্ডো। তিনি ২১ গোল করেছেন। তালিকার শীর্ষে আছেন ইভান টনি। আল আহলির হয়ে টনি ২৩ ম্যাচে ২৩ গোল করেছেন।
লিগের শীর্ষে থাকা আল নাসর আল আহলির থেকে দুই পয়েন্টে এগিয়ে আছে।