শিরোনাম

ঢাকা, ৬ মার্চ ২০২৬ (বাসস) : নারী এশিয়ান কাপ ফুটবলে টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হেরেছিল পিটার জেমস বাটলারের শিষ্যরা। এই হারে কোয়ার্টার ফাইনালে উঠার পথ কঠিন হয়ে পড়ল।
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করলে, বড় হার বরণ করতে হয় তাদের।
উত্তর কোরিয়ার হয়ে প্রথমার্ধের ইনজুরি সময়ের সপ্তম মিনিটে এবং ৬৪ মিনিটে জোড়া গোল করেছেন কিম কিয়ং-ইয়ং। একটি করে গোল করেন মিয়ং ইউ-ঝং (প্রথমার্ধের ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে), চায়ে উন-ইয়ং (৬২ মিনিট) এবং কিম হায়ে-ইয়ং (৯০ মিনিট)।
ম্যাচের শুরু থেকে আক্রমণ শানায় উত্তর কোরিয়া। ষষ্ঠ মিনিটে বাংলাদেশকে গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক মিলি আক্তার। ১১ মিনিটেও উত্তর কোরিয়ার গোল রুখে দেন মিলি।
ম্যাচের ১৪ মিনিটে উত্তর কোরিয়া গোল আদায় করে নিলেও ভিএআরের সহায়তায় হ্যান্ডবলের কারণে বেঁচে যায় বাংলাদেশ।
২৬ মিনিটে আবারও ভিএআরের সহায়তায় রক্ষা পায় বাংলাদেশ। কিম কিয়ং ইয়ং গোল করলেও, ভিএআরে সহায়তায় হ্যান্ডবলের কারণে গোল বাতিল করেন রেফারি। ভিএআরে দেখা যায় আফঈদার ট্যাকলে বল আগেই মিয়ং ইউ জংয়ের হাতে লেগেছিল।
অবশেষে প্রথমার্ধের ইনজুরি সময়ের পঞ্চম ও সপ্তম মিনিটে দুই গোল আদায় করে উত্তর কোরিয়া। পঞ্চম মিনিটে মিয়ং ইউ-ঝং এবং সপ্তম মিনিটে গোল করেন কিম কিয়ং-ইয়ং।
২-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথম ভাগ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি আফঈদার দল। ৬২ মিনিটে চায়ে উন-ইয়ংয়ের গোলে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তর কোরিয়া। দুই মিনিট পর বাংলাদেশের জালে এক হালি গোল পূর্ণ করেন কিম কিয়ং-ইয়ং। ৪-০ গোলে এগিয়ে জয়ের পথ সহজ করে ফেলে উত্তর কোরিয়া।
ম্যাচের শেষ মিনিটে কিম হায়ে-ইয়ংয়ের গোলে ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়া।
চীনের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনে আজ মাঠে নামে বাংলাদেশ। অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম ও উমেলা মারমার পরিবর্তে দলে সুযোগ পান স্ট্রাইকার তহুরা খাতুন ও মিডফিল্ডার আইরিন আক্তার।
আগামী ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।