বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৬:১৩

ইন্ডিয়ান ওয়েলসে অপরাজিত থাকার ধারাবাহিকতা বাড়াতে প্রস্তুত আলকারাজ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ মার্চ ২০২৬ (বাসস) : বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ মনে করেন, আবেগ নিয়ন্ত্রণ করাই ২০২৬ মৌসুমে তার দুর্দান্ত সূচনার মূল রহস্য।

ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলসে তিনি এ বছরের তৃতীয় শিরোপার লক্ষ্য নিয়ে কোর্টে নামতে যাচ্ছেন।

২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা গত মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে ইতিহাস গড়েন। এর মাধ্যমে তিনি সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেন। এরপর কাতার ওপেন জয় করে নতুন বছরের শুরু থেকে টানা ১২টি ম্যাচ জিতে ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছেন।

২০২৩ ও ২০২৪ সালে জয়ের পর এবার তৃতীয়বারের মতো ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য আলকারাজের। তবে তিনি নোভাক জকোভিচের ২০১১ সালের রেকর্ড ৪১ ম্যাচের জয়ের ধারার দিকে নজর দিচ্ছেন না।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, “অবশ্যই আমি জানি ৪১ ম্যাচের রেকর্ড নোভাকের। কিন্তু সেই রেকর্ড তাড়া না করা পর্যন্ত বোঝা যায় না, এটা কতটা কঠিন। যখন আপনার ১২টি জয় থাকে, তখন মনে হয় আরও চার-পাঁচটি বড় টুর্নামেন্ট জিততে হবে। তখনই বোঝা যায় ব্যাপারটা কতটা অবিশ্বাস্য।”

ইতোমধ্যে সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয় করা আলকারাজ জানান, নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখাই তার সাম্প্রতিক সাফল্যের চাবিকাঠি।

তিনি বলেন, “কোর্টে আমি এখন আবেগ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। সাম্প্রতিক সময়ে যে ভালো টেনিস খেলছি, তার মূল কারণ এটিই। আমি নিজেকে শান্ত রাখি, শান্ত অবস্থায় সমাধান খুঁজে পাই এবং ম্যাচ থেকে বেরিযয়ে আসতে পারি।”