শিরোনাম

ঢাকা, ২ মার্চ ২০২৬ (বাসস) : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে চার ম্যাচ ও সুপার এইট পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে সেমিফাইনালে পৌঁছে গেছে প্রোটিয়ারা।
আগামী ৪ মার্চ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেমির আগে স্পষ্টভাবেই ফেভারিট আইডেন মার্করামের নেতৃত্বাধীন দলটি। ফেভারিটের তকমা থাকায় খুশি দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড।
গ্রুপ পর্বে কানাডা, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর সুপার এইট পর্বে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় তারা। বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালের মঞ্চে প্রোটিয়ারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারের লড়াইয়ের আগে ফেভারিটের তকমা নিয়ে কনরাড বলেন, ‘আমি খুশি, আমরা এখন বিশ্বকাপ শিরোপা জয়ে ফেভারিট। আমার সবসময়ই মনে হয়, দল হিসেবে ফেভারিট হয়েই খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। আন্ডারডগ হওয়া খুব সহজ। বড় কোনো প্রত্যাশা থাকে না।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত যা করেছি এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে। সামনের পথচলায় ভাগ্যের সহায়তাও প্রয়োজন। আশা করি, সেমিফাইনাল বাধা পার হতে পারবে দল।’
ফেভারিটের তকমা সাথে থাকলেও, সেমিফাইনালের আগে কিছুটা চাপ অনুভব করছেন কনরাড। তিনি বলেন, ‘ফেভারিট হিসেবে আমরা মাঠে নামলেও সেমিফাইনাল ম্যাচ হওয়ায় চাপ থাকবে। সেমিফাইনাল-ফাইনাল মানেই চাপ। এটা সবসময়ই থাকবে। নিউজিল্যান্ডের মতো শীর্ষ দলের সাথে সেমিফাইনালে অবশ্যই চাপ থাকবে। আসল বিষয় হলো, চাপ কীভাবে সামলানো যায় বা কীভাবে তা সরিয়ে ফেলা যায়। তবে আমরা নিউজিল্যান্ডের জন্য প্রস্তুত।’