শিরোনাম

ঢাকা, ২ মার্চ ২০২৬ (বাসস) : দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে গেছেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি।
তবে সেমিফাইনালের আগে হেনরিকে পাবার আশায় আছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। তারপরও হেনরি না ফিরতে পারলে তার বিকল্প প্রস্তুত আছে বলে জানিয়েছেন কিউই কোচ।
ওয়াল্টার জানান, হেনরির বিকল্প হিসেবে সেমিফাইনাল খেলার দৌড়ে আছে জ্যাকব ডাফি বা কাইল জেমিসন।
আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
হেনরির বিকল্প নিয়ে ওয়াল্টার বলেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সেমিফাইনালের আগের দিন দলে যোগ দেবে হেনরি। হেনরি আসতে পারলে আমাদের বিকল্প পরিকল্পনা আছে।’
তিনি আরও বলেন, ‘গত ১৮ মাস দলের জন্য অসাধারণ কাজ করেছে ডাফি। তাকে দল থেকে বাদ দেওয়া সত্যিই কঠিন। যদি দুর্ভাগ্যবশত হেনরি দলে যোগ দিতে না পারে, তাহলে ডাফি বা কাইল জেমিসন সুযোগ পেতে পারেন।’
গত শুক্রবার কলম্বোয় সুপার এইট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর দেশের উদ্দেশ্যে রওনা দেন হেনরি।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ ৩৪ বছর বয়সি হেনরি। এখন পর্যন্ত দলের হয়ে ৭ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন তিনি।