শিরোনাম

ঢাকা, ২ মার্চ ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে কাল মুখোমুখি হবে নর্থ জোন এবং সেন্ট্রাল জোন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
লিগ পর্বে তিনটি করে ম্যাচ খেলে দু’টিতে জিতে সমান ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে নর্থ জোন ও সেন্ট্রাল জোন। লিগ পর্বে একটি করে ম্যাচ হেরেছে উভয় দলই।
সেন্ট্রাল জোনের কাছে ২ উইকেটে হারে নর্থ জোন। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে তাওহিদ হৃদয়ের ১০২ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে নর্থ জোন। জবাবে ওপেনার জিশান আলমের ৯৩ বলে ১২৭ রানের ইনিংসের সুবাদে ৪ বল বাকী রেখে জয় তুলে নেয় সেন্ট্রাল জোন।
লিগ পর্বে নর্থ জোনের বিপক্ষে জয় ফাইনালে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সেন্ট্রাল জোনকে। লিগ পর্বে সাউথ জোনের কাছে ৭ উইকেটে হেরেছিল সেন্ট্রাল।
ঐতিহ্যগতভাবেই বিসিএল চার দিনের প্রতিযোগিতা এবং দেশের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণির টুর্নামেন্ট। তবে পাকিস্তান সিরিজকে সামনে রেখে এবার ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হয়। যাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারে জাতীয় দলের ক্রিকেটাররা।
আগামী ১১ মার্চ থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ।