শিরোনাম

ঢাকা, ২ মাচর্, ২০২৬ (বাসস) : ওপেনার সঞ্জু স্যামসনের ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
গতরাতে সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ৫ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। স্যামসন ৯৭ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে সুপার এইট পর্বে ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমির টিকিট পায় ভারত। সমানসখ্যংক ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় শেষ চারে জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপ থেকে ৩ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।
আগামী ৪ মার্চ কলকাতায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ৫ মার্চ মুম্বাইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড।
জিতলেই সেমিফাইনাল, এই সমীকরণ নিয়ে কলকাতায় মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ বলে ৬৮ রানের সূচনা করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও রোস্টন চেজ। জুটিতে ৩৩ বলে ৩২ রান করে প্রথম আউট হন অধিনায়ক হোপ।
তিন নম্বরে নেমে ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন শিমরোন হেটমায়ার। এরপর চেজ ২৫ বলে ৪০ ও শেরফানে রাদারফোর্ড ১৪ রানে আউট হলেও, ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ এনে দেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
৩টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে ৩৪ রান করেন পাওয়েল। ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলার পথে ২টি চার ও ৩টি ছক্কা মারেন হোল্ডার। ভারতের জসপ্রিত বুমরাহ ২ উইকেট নেন।
জবাবে ৪১ রানে ২ উইকেট হারায় ভারত। অভিষেক শর্মা ও ইশান কিশান ১০ রান করে আউট হন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে ৩৫ বলে ৫৮, তিলক ভার্মাকে নিয়ে ২৬ বলে ৪২ এবং হার্দিক পান্ডিয়ার সাথে ২২ বলে ৩৮ রানের জুটি গড়ে ভারতের জয়ের পথ সহজ করেন স্যামসন।
সূর্যকুমার ১৮, তিলক ১৫ বলে ২৭ ও পান্ডিয়া ১৭ রানে ফিরলে, শিবম দুবের সাথে ভারতের জয় নিশ্চিত করেন স্যামসন। ১২টি চার ও ৪টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ৯৭ রনা করেন স্যামসন। ৪ বলে অনবদ্য ৮ রান করেন দুবে।
ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ও শামার জোসেফ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন স্যামসন।