বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৮:৫১

জিশান-আকবরের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আশরাফুল

ঢাকা, ১ মার্চ ২০২৬ (বাসস) : চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দুই তরুণ ব্যাটার জিশান আলম এবং আকবর আলীর পারফরমেন্স জাতীয় দলে সুযোগের জন্য তাদের বিবেচনা করতে নির্বাচকদের উৎসাহিত করবে মনে করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

বিসিএলের ওয়ানডে ফরম্যাটের পঞ্চম ম্যাচে নর্থ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের ২ উইকেটের জয়ে বড় অবদান রাখেন জিশান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে নর্থ জোন। জবাবে জিশানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ বল বাকী থাকতে জয় তুলে নেয় সেন্ট্রাল জোন। ১৬টি চার ও ৫টি ছক্কায় ৯৩ বলে ১২৭ রানের নান্দনিক ইনিংস খেলেন জিশান। 

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী। ইস্ট জোনের বিপক্ষে ৮টি চার ও ৬টি ছক্কায় ৮৭ বলে ১১১ রান করেন আকবর। 

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আশরাফুল জানান, জাতীয় দলে নির্বাচনের জন্য ধারাবাহিক পারফরমেন্স বড় প্রভাব রাখে। তিনি বলেন, ‘সবার জন্য ফর্মে থাকা খুবই গুরুত্বপূর্ণ। জিশান তার প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি করেছে। জিশানের জন্য এমন সেঞ্চুরি খুবই দরকার ছিল।’

আকবরকে নিয়ে আশরাফুল বলেন, ‘সম্প্রতি ভাল ব্যাটিং করেছেন আকবরও। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন তিনি। ব্যাট হাতে ধারাবাহিক আছেন আকবর। যদি পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখেন, তাহলে নির্বাচকরা অবশ্যই তাকে বিবেচনা করবে।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল আরও জানান, বিসিএলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগের সম্ভাবনা আছে। কারণ আন্তর্জাতিক অঙ্গনে আগামী দুই বছর ব্যস্ত সূচি আছে জাতীয় দলের। 

তিনি বলেন, ‘চলমান বিসিএলে খেলা ৬০ জন খেলোয়াড়েরই জাতীয় দলে সুযোগের সম্ভাবনা আছে। আগামী দুই বছরে আমাদের অনেক টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের পরিকল্পনা আছে। এই সময়ের মধ্যে আমাদের অনেক খেলোয়াড়কে রোটেশন করতে হতে পারে। আমি আশা করি তারা সুযোগ পাবে।’

নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতিও আস্থা প্রকাশ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘শান্ত জানেন কিভাবে খেলতে হয়। সে ভালো ছন্দে আছে। আমরা বিপিএলেও সেটা দেখেছি। প্রথম ম্যাচে হাফ-সেঞ্চুরির ইনিংস আছে তার। আশা করি ফাইনালে তার কাছ থেকে আমরা ভাল ইনিংস দেখতে পাব।’