বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৮:৪৭

মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য ক্লাব নক আউট পর্বের ম্যাচ স্থগিত করেছে এএফসি

ঢাকা, ১ মার্চ ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য ক্লাব নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচগুলো স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ।

রোববারর মালয়েশিয়ার কুয়ালালামপুরে সদরদপ্তরভিত্তিক এএফসি জানায়, তাদের তিনটি প্রধান ক্লাব প্রতিযোগিতা এই সিদ্ধান্তের আওতায় পড়েছে। এর মধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট প্রতিযোগিতাও রয়েছে। 

কুয়ালালামপুরে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানাযয়, “মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ২-৩ মার্চ  তারিখে পশ্চিম অঞ্চলের নির্ধারিত ম্যাচগুলো পুনঃনির্ধারণ করা হবে।”

এএফসি আরও জানায়, “দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং খেলোয়াড়, দল, কর্মকর্তাসহ সব সমর্থকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

এএফসির সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে রয়েছে কাতারের আল-দুহাইল ও সৌদি আরবের শক্তিশালী ক্লাব আল-আহলির মধ্যকার নির্ধারিত ম্যাচ।

এছাড়া দুবাইভিত্তিক শাবাব আল আহলি ও ইরানের ট্রাক্টরকে আতিথ্য দেওয়ার ম্যাচ এবং আবুধাবির আল ওয়াহদার সাথে আল-ইত্তিহাদের ম্যাচটিও অন্তর্ভুক্ত।

তবে এএফসি জানিয়েছে, এশিয়ার অন্য অঞ্চলে নির্ধারিত ম্যাচগুলো পূর্বসূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।