শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : সেমিফাইনালে উঠার লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে দু’বার করে শিরোপা ঘরে তোলার ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এ ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে। তাই এ ম্যাচটি ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ রূপ নিয়েছে।
কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এই গ্রুপে দিনের আরেক ম্যাচে দিল্লিতে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ২ ম্যাচের দু’টিতেই হেরে সুপার এইট পর্ব থেকে বিশ্বকাপ শেষ নিশ্চিত করেছে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারানো জিম্বাবুয়ে।
‘সি’ গ্রুপে ৪ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বড় জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করে ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। দুই ম্যাচে ২ পয়েন্ট আছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
ওয়েস্ট ইন্ডিজের মত গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবক’টিতে জিতে ভারতও। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। ৭৬ রানের হারে সুপার এইট শুরুর পর, জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের বড় জয় পায় ভারত। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে ফিরে সূর্যকুমার যাদবের দল।
ওয়েস্ট ইন্ডিজের মত সুপার এইটে দুই ম্যাচে ২ পয়েন্ট আছে ২০০৭ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারতেরও। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাই এই গ্রুপ থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে সেমিতে খেলার সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে জিতলেই সেমির টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যে যেকোন একটি দল।
ভারতকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, ‘কোন কিছু সহজে আসবে না। আমরা জানি, ভারতের বিপক্ষে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ, এমন ম্যাচে সেরা পারফরমেন্স করা।’
তিনি আরও বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে তিন বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে আমাদের। যা গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে করেছি আমরা। সতীর্থরা পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দীর্ঘদিন পর আবারও সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে আমাদের।’
শিরোপা ধরে রাখার মিশনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে খেলতে বদ্ধপরিকর বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এজন্য অঘোষিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আক্রমনাত্মক ক্রিকেট খেলার ইঙ্গিত দিলেন দলের অধিনায়ক সূর্যকুমার, ‘আমাদের সামনে এখন একটাই লক্ষ্য- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভাল ক্রিকেট খেলা এবং সেমিফাইনাল নিশ্চিত করা। এখন পর্যন্ত আমরা দল হিসেবে ভাল খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থদের আবারও জ্বলে উঠতে হবে এবং আক্রমনাত্মক ক্রিকেট খেলতে হবে। আমি বিশ্বাস করি, সেমিফাইনাল নিশ্চিত করেই আমরা মাঠ ছাড়তে পারব।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩০বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ১৯ জয় নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এগিয়ে টিম ইন্ডিয়া। ১০ জয় পেয়েছে ক্যারিবীয়রা। এরমধ্যে ১টি ম্যাচ পরিত্যক্তও হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শামার জোসেফ, জেইডেন সিলেস, ম্যাথু ফোর্ড।
ভারত দল : সুর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।