শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহের হোম ম্যাচে “বর্ণবাদী আচরণে” জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর পাঁচজন সমর্থকের সদস্যপদ স্থগিত করেছে বেনফিকা। ক্লাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা স্থায়ী বহিষ্কার পর্যন্ত গড়াতে পারে।
গত ১৭ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের বিপক্ষে এস্তাদিও ডা লুজে ম্যাচ শেষে কিছু সমর্থককে গ্যালারি থেকে বানরের অঙ্গভঙ্গি করতে দেখা যায়।
ক্লাব এক বিবৃতিতে জানায়, “বেনফিকা জানাচ্ছে যে, শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরুর পর পাঁচ সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং ক্লাবের বিধিমালায় নির্ধারিত সর্বোচ্চ শাস্তি- বহিষ্কার প্রয়োগ করা হতে পারে। বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচের পর শুরু হওয়া অভ্যন্তরীণ তদন্তে গ্যালারিতে বর্ণবাদী ও অনুপযুক্ত আচরণের প্রমাণ পাওয়া গেছে, যা ক্লাবের মূল্যবোধ ও নীতির পরিপন্থী।”
“বেনফিকা পুনর্ব্যক্ত করছে যে, তারা কোনো ধরনের বৈষম্য বা বর্ণবাদ সহ্য করে না এবং ক্লাবের মূল্যবোধ ক্ষুন্ন হলে কঠোর ব্যবস্থা নেবে।”
ভিনিসিয়াসের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি বর্ণবাদবিরোধী প্রটোকল চালু করার কারনে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে প্রায় ১০ মিনিট খেলা ছিল। ভিনিসিয়াস অভিযোগে বলেন বেনফিকার গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তাকে বর্ণবাদী অপমান করেছেন।
আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রেস্টিয়ান্নি অভিযোগ অস্বীকার করেছেন। বেনফিকা তার পক্ষ নিয়ে বলেছে, তিনি একটি “মানহানিকর প্রচারণার” শিকার।
বেনফিকার প্রধান কোচ হোসে মরিনিও এই ঘটনায় সমালোচিত হন। তিনি ইঙ্গিত করেছিলেন কর্নার ফ্ল্যাগের পাশে ভিনিসিয়াসের নাচের উদযাপন থেকেই উত্তেজনার সূত্রপাত হয়েছিল।
প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে এবং পরে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে। দুই লেগেই গোল করেন ভিনিসিয়াস।