বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

নিউজিল্যান্ডের হারে সেমির আশা বেঁচে থাকল পাকিস্তানের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই হারের পরও সেমিফাইনালে খেলার আশা বেঁচে আছে নিউজিল্যান্ডের। পাশাপাশি সেমির দৌড়ে টিকে গেছে পাকিস্তানও। ৩ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ এবং ২ ম্যাচে পাকিস্তানের আছে ১ পয়েন্ট।

আজ শ্রীলংকার বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। রান রেটে নিউজিল্যান্ডকে টপকাতে হলে লংকানদের বিপক্ষে ৬৪ রানে জয় অথবা রান তাড়া করতে নেমে ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্য স্পর্শ করতে হবে পাকিস্তানকে।

গতকাল কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ ওভারে ৬৪ রানের সূচনা করে নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। উইকেটে সেট হয়ে দু’জনই সাজঘরে ফিরেন। সেইফার্ট ২৫ বলে ৩৫ ও অ্যালেন ১৯ বলে ২৯ রান করেন।

এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে ২১ বলে ৩১ এবং মার্ক চাপম্যানের সাথে ১৮ বলে ২৬ রান যোগ করে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথে রাখেন গ্লেন ফিলিপস। তবে রবীন্দ্র ১১ ও চাপম্যান ১৫ রানে থামার পর নিয়মিত বিরতিতে উইকেট হারালে রান তোলার গতি কমে যায় নিউজিল্যান্ডের।

তারপরও ফিলিপসের ২৮ বলে ৩৯ ও কোলে ম্যাকোঞ্চির ১২ বলে ১৪ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের তিন স্পিনার আদিল রশিদ, জ্যাকস ও রেহান আহমেদ ২টি করে উইকেট নেন।

জবাবে ২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। ফিল সল্ট ২ ও জশ বাটলার খালি হাতে বিদায় নেন। তৃতীয় উইকেটে ৩৫ বলে ৪৮ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। ব্রুক ২৬ ও বেথেল ২১ রানে থামলেও, মিডল অর্ডারে টম ব্যান্টনের ৩৩ ও স্যাম কারানের ২৪ রানের সুবাদে লড়াইয়ে টিকে ছিল ইংল্যান্ড। কিন্তু ১১৭ রানের মধ্যে ছয় ব্যাটারের বিদায়ে শেষ ৩ ওভারে ৪৩ রান দরকার পড়ে ইংলিশদের।

নিউজিল্যান্ড স্পিনার ফিলিপসের করা ১৮তম ওভারে ইংল্যান্ডের জ্যাকস ও রেহান মিলে ২টি করে চার-ছক্কায় ২২ রান তুলেন। এতে শেষ ২ ওভারে ২১ রানের প্রয়োজন পড়ে ইংলিশদের। ১৯তম ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের ছয় বল থেকে ১৬ রান তুলে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেন জ্যাকস ও রেহান।

এরপর শেষ ওভারে প্রয়োজনীয় ৫ রান তিন বলের মধ্যে তুলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন জ্যাকস ও রেহান। ম্যাচ সেরা জ্যাকস ১৮ বলে ৩২ এবং রেহান ৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। রবীন্দ্র ৩ উইকেট নেন।