শিরোনাম

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। জাতীয় দলের এমন পারফরমেন্সে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার ও ক্রিকেট প্রেমীরা।
তবে, দেশের ক্রিকেট ভক্তদের ধৈর্য ধরার এবং জাতীয় দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বোলিং পরামর্শক হিসেবে কাজ করা মালিঙ্গা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মালিঙ্গা লিখেছেন, ‘১৯৯৬ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল শ্রীলংকা। এরপর কিছু টুর্নামেন্ট থেকে হতাশাজনক বিদায় ছিল। চারটি বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট থাকলেও প্রকৃত সমর্থকরা কখনও দলকে ছেড়ে যায়নি।’
তিনি আরও লিখেছেন, ‘ভক্তদের সমর্থন ও বিশ্বাসই শেষ পর্যন্ত ২০১৪ সালের বিশ্বকাপ সাফল্যের ভিত গড়ে দেয়। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ও সংগ্রামের পর আসা সেই শিরোপা প্রমাণ করেছে ধৈর্য, অধ্যবসায় ও খেলাটির প্রতি ভালোবাসা থাকলে সাফল্য ধরা দেয়। সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর ১২ বছর পেরিয়ে গেলেও আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে শ্রীলংকা।
তিনি আরও বলেন, ‘অসংখ্য জ্ঞানী ও নিবেদিত প্রাণ সমর্থক দলের সাথে আছে। পরবর্তী শিরোপা না আসা পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাবেন।’