বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩

ভারতের বিপক্ষে ম্যাচকে প্রথম ফাইনাল ভাবছেন হোপ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, এমন সমীকরণ নিয়ে সুপার এইট পর্বে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে লড়বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটি অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে। 

তবে ভারতের বিপক্ষে ম্যাচকে প্রথম ফাইনাল মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সেমিফাইনাল ও ফাইনালকে, আরও দুটি ফাইনাল ভাবছেন তিনি। 

সুপার এইট পর্বে গ্রুপ-১-এ দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। সমানসংখ্যক ম্যাচে ২ করে পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। 

২ ম্যাচের একটিও জিততে না পেরে, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারানো জিম্বাবুয়ে। 

সুপার এইট পর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ বলেন, ‘কোনো কিছুই সহজে আসবে না। সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই জয়ের পথ খুঁজে নিতে হবে। 

আমরা জানি, পরের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ ঐ ম্যাচে সেরা পারফরমেন্স করা।’

তিনি আরও বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি আমরা ফাইনাল হিসেবে দেখছি। এটি আমাদের প্রথম ফাইনাল। 

আশা করি, পরবর্তীতে আমরা আরও দু’টি ফাইনাল খেলব। টানা তিন ফাইনাল জয়ই এখন আমাদের মূল লক্ষ্য।’

গ্রুপ ও সুপার এইট পর্বে দলের পারফরমেন্সে খুশি হোপ। তিনি বলেন, ‘গ্রুপ পর্বে আমরা চার ম্যাচের সবগুলোতেই জিতেছি। সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছি আমরা। সতীর্থদের পারফরমেন্সে আমি খুশি। আশা করি, টুর্নামেন্টে বাকী ম্যাচগুলোতেও পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

আগামী পহেলা মার্চ ভারতের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।