বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩০

রেকর্ড বইয়ে অনন্য রাজা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ উইকেট ও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। 

তবে বিশ্বের সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক ৩৯ বছর বয়সি অলরাউন্ডার রাজা। এর আগে টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১শ উইকেট ও ৩ হাজার রান করেন মালয়েশিয়ার বিরানদীপ সিং।

গতরাতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইটে গ্রুপ-১-এ ভারতের বিপক্ষে বল হাতে ১ উইকেট শিকারের পর ২১ বলে ৩১ রান করেন রাজা। 

বোলার হিসেবে আগেই ১শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাজা। ভারতের বিপক্ষে কাল ব্যাট হাতে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি। 

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার বিরানদীপ এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ৩ হাজার ১৮০ রান ও ১০৯ উইকেট শিকার করেছেন। 

১৩২ ম্যাচ খেলে রাজা ৩ হাজার ১৬ রান করার পাশাপাশি ১০৪টি উইকেট শিকার করেন।