শিরোনাম

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলের উপর নিজেদের সেমিফাইনালের ভাগ্য নির্ভর করলেও, আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান।
শ্রীলংকার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
সুপার এইট পর্বে গ্রুপ-২এ নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালের দৌঁড়ে টিকে আছে পাকিস্তান। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে পাকিস্তান। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।
আজ গ্রুপ-২এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় বা অন্তত ১ পয়েন্ট পেলেই সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড।
তখন বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজবে পাকিস্তানের। তবে নিউজিল্যান্ড হেরে গেলে, রান রেটে এগিয়ে থাকতে শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।
সমীকরণ যেমনই হোক না কেন, শ্রীলংকার বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে জিততে চায় বাবর-আফ্রিদিরা।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘আমাদের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের উপর। তারপরও আমরা শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। সেমিফাইনালে উঠতে না পারলেও জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাই।’
সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে পাকিস্তান।
পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলে পাকিস্তান। এখন ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের উপর নির্ভর করছে পাকিস্তানের ভাগ্য।
সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে শ্রীলংকা। ইংল্যান্ডের কাছে ৫১ রানে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানে হারে লংকানরা। টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে শ্রীলংকার।
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন লংকান দলনেতা দাসুন শানাকা, ‘পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আমরা বিশ্বকাপের ইতি টানতে চাই। এজন্য তিন বিভাগেই সবাইকে পারফরমেন্স করতে হবে।’
পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রাত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।