শিরোনাম

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ দশম আসরে সেমিফাইনালের দৌড়ে টিকে গেছে স্বাগতিক ভারত।
গতরাতে সুপার এইট পর্বে গ্রুপ-১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৭২ রানে হারায় জিম্বাবুয়েকে। এর মাধ্যমে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে সেমির দৌড়ে টিকে রয়েছে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জিম্বাবুয়ে।
এ ম্যাচে ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে প্রোটিয়ারা। গ্রুপ পর্বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে।
চেন্নাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের মারমুখী ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত। টি-টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশ্বকাপে কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কোন দলের এটি সর্বোচ্চ রান।
৪টি করে চার ছক্কায় ৩০ বলে ৫৫ রান করেন অভিষেক শর্মা। ২ চার ও ৪ ছক্কায় ২৩ বল খেলে ৫০ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
এছাড়া তিলক ভার্মা ১৬ বলে ৪৪, ইশান কিশান ২৪ বলে ৩৮ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করেন। জিম্বাবুয়ের চার বোলার ১টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার ব্রায়ান বেনেটের দুর্দান্ত ইনিংসের পরও লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে হার মানে তারা। ৮টি চার ও ৬টি ছক্কায় ৫৯ বলে সর্বোচ্চ ৯৭ রান করেন বেনেট।
২টি করে চার-ছক্কায় ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা।
ভারতের অর্শদীপ সিং ২৪ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন পান্ডিয়া।